ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিআরআইসিএম কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে দুদক

বিআরআইসিএম কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০২:৪৬

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মালা খান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি অভিযোগটি অনুসন্ধানের অনুমোদন দিয়েছে কমিশন।

গতকাল মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে চাকরিকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংকে নগদ অর্থ, মেয়াদি আমানতসহ অন্যান্য সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে।

দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর-অস্থাবর সম্পদের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ওইসব সম্পদ তাঁর বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অপর সদস্য হলেন দুদক উপসহকারী পরিচালক মো. জুলফিকার।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করে সুনির্দিষ্ট মতামতসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

×