ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অনলাইনে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

অনলাইনে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২১:৩৬

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয়রোধে চট্টগ্রাম কাস্টমস হাউস মে মাসে ২২০ কন্টেইনার পণ্য ইলেকট্রনিক পদ্ধতিতে (ই–অকশন) নিলামে তুলছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এসব পণ্য বিভিন্ন কারণে খালাস করা হয়নি বলে নিলামযোগ্য হিসেবে নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে দুটি নিলাম আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, এসি পার্টস ইত্যাদি। এসব পণ্য চালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। অপর নিলাম আদেশে ১৭ লটে ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি, লবণ ইত্যাদি।

এনবিআর জানায়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এ নিলাম কার্যক্রম পরিচালিত হবে। অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে পুরো মে মাসজুড়ে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে।

আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই–অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। জামানতের পে-অর্ডার ও আনুষাঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের শর্ত পালন করে পণ্য খালাস করতে হবে। আগামী ১৪ মে এবং ৯ জুন দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। বিস্তারিত তথ্যের জন্য বিডারদের ই–অকশন পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করেছে এনবিআর।

আরও পড়ুন

×