গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি
ছবি- সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৪:৪৫
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “অসম ও দেশবিরোধী” বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যা জনগণের মতামত ছাড়াই সম্পন্ন করা হয়েছে। এ চুক্তি কার্যকর হলে দেশের কৃষি, ওষুধ শিল্প, ডেইরি ও পোল্ট্রি খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
বক্তারা বলেন, চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে মার্কিন কৃষিপণ্য, গম, গরুর মাংস ও তুলা আমদানি করতে হবে। এতে স্থানীয় কৃষক ও শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে কঠোর পেটেন্ট নীতির কারণে ওষুধ শিল্পে উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং সাধারণ মানুষের জন্য ওষুধের দাম বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
সমাবেশে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতারা বলেন, এটি কোনো চুক্তি নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনামা। দেশের সার্বভৌমত্ববিরোধী এ চুক্তির বিষয়ে সরকার ও সংসদের বড় রাজনৈতিক দলগুলো নীরব।
বক্তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বিদেশি নির্ভরশীল হয়ে পড়বে এবং শ্রমিক-কৃষকের স্বার্থ ক্ষুণ্ন হবে। তারা চুক্তি বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশ থেকে আগামী ১১ তারিখ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে লেখক ও গবেষক মাহা মির্জা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রাফিকুজ্জামান ফরীদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল প্রমুখ বক্তব্য রাখেন।
