যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
বৃষ্টির মরদেহ গ্রহণে বিমানবন্দরে পরিবারের সদস্যরা। ছবি: শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৯:৫৮ | আপডেট: ০৯ মে ২০২৬ | ১৬:৫৪
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ৯ টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এ সময় বিমানবন্দরে বৃষ্টির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মরদেহ গ্রহণের পর তা মাদারীপুরের চরগোবিন্দপুর গ্রামে নেওয়া হচ্ছে। সেখানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নাহিদা বৃষ্টি প্রায় ৯ মাস আগে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান। গত ১৬ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ১৭ এপ্রিল তার এক বন্ধু পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা জানতে পারেন, বৃষ্টি নিহত হয়েছেন।
বৃষ্টির মামা, যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “মরদেহ পুরোপুরি উদ্ধার হয়নি। ডিএনএ পরীক্ষায় মরদেহ শনাক্ত করার পর সেটি দেশে পাঠানো হয়েছে।”
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি দেশের উদ্দেশে পাঠানো হয়। মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোয়িং এ প্রক্রিয়া তদারক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ’স অফিস বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। গত বুধবার টাম্পা বে এরিয়ার একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
