ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জনপ্রিয়তা নয়, দায়িত্ববোধ থেকে ন্যায়বিচার নিশ্চিত করুন: বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী

জনপ্রিয়তা নয়, দায়িত্ববোধ থেকে ন্যায়বিচার নিশ্চিত করুন: বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৮:৩১

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনপ্রিয়তা নয়, বিচারকদের দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিচারপ্রার্থীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সব সময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি।’

শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চাই গোটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাক। জুডিসিয়ারির ওপর ভরসা ও বিশ্বাসের জায়গা বাড়াতে হবে। প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন তীর্থস্থানের সমতুল্য হয়। প্রতিষ্ঠানটি মানুষের ক্ষোভ বা আক্রমণের জায়গায় পরিণত হোক— এমনটা আমরা আর চাই না।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের একটি কথা সবসময় অনুসরণের চেষ্টা করা উচিত। তিনি প্রায়ই বলেন, আমাদের কাজের জায়গাটা দায়িত্ববোধের এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার; জনপ্রিয়তার নয়। তাই সব ধরনের অবস্থায় সবসময় সঠিক পথটিই বেছে নিতে হবে।’ 

তিনি আরও বলেন, দুর্নীতির বিষয়ে আমরা সবাই সজাগ থাকব, বিচারকদেরও সচেতন থাকতে হবে। কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এটি না পারলে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়া ও ন্যায়বিচারের ক্ষেত্র প্রস্তুত করতে দীর্ঘদিনের যে সংগ্রাম এবং আইনের শাসন ও মানবাধিকার— সবই ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) মহাপরিচালক মো. এমদাদুল হক। আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য, কর্মশালার প্রশিক্ষণার্থী, বাংলাদেশ জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম প্রতিনিধিরা। 

আরও পড়ুন

×