১৪ হাজার ৩৮৪ প্রাথমিক শিক্ষক প্রার্থীর তথ্য-নথি যাচাইয়ের নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৯:২২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর পূর্বকার্যকলাপ, কাগজপত্র ও নথি যাচাইয়ের জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজ রোববার অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের শূন্যপদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বিষয়ে বিস্তারিত যাচাই কার্যক্রম পরিচালনা করা হবে।
নির্দেশনা অনুযায়ী, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্বকার্যকলাপ পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি প্রার্থীদের জমা দেওয়া সনদপত্র, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র ও নথির সত্যতাও পরীক্ষা করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
