নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: মির্জা ফখরুল
সচিবালয়ে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম- এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৫:৪৫ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৫:৫৭
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সচিবালয়ে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম- এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নেসহ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে গ্রাম আদালতের কার্যক্রম, এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, গ্রাম আদালত দীর্ঘদিন ধরে গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে এবং উচ্চ আদালতের ওপর চাপও কমবে।
তিনি আরও বলেন, গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগ করা হলে স্থানীয় সরকারের কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব হবে। পাশাপাশি নারী ও শিশু সংক্রান্ত সামাজিক সমস্যা মোকাবিলায় নারী গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
