ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী
×

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গ্লো অ্যান্ড লাভলী। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৬:১৭

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গ্লো অ্যান্ড লাভলী। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও গ্লো অ্যান্ড লাভলীর এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাফুফের কর্মকর্তাদের পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম এবং মিডফিল্ডার উমেলা মারমাও অনুষ্ঠানে অংশ নেন।

দুই বছরের এই চুক্তির আওতায় জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ও খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করবে গ্লো অ্যান্ড লাভলী। একই সঙ্গে দলের অফিসিয়াল ট্রেনিং কিট, প্র্যাকটিস অ্যাসেট এবং বাফুফের নির্বাচিত যোগাযোগমাধ্যমে ব্র্যান্ডটির লোগো ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, নারী ফুটবলের সঙ্গে এমন একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সম্পৃক্ততা অত্যন্ত ইতিবাচক। এটি শুধু খেলোয়াড়দের উৎসাহিত করবে না, বরং দেশের নারী ফুটবলের ব্র্যান্ড মূল্যও বাড়াবে।

ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড ওয়েলবিং বিভাগের প্রধান জাহিন ইসলাম বলেন, নারীর অগ্রযাত্রা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করছে গ্লো অ্যান্ড লাভলী। নারী ফুটবলারদের পাশে দাঁড়ানোর মাধ্যমে নতুন প্রজন্মের মেয়েদেরও অনুপ্রাণিত করতে চায় প্রতিষ্ঠানটি।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, নারী ফুটবলের উন্নয়ন ও খেলোয়াড়দের ট্রেনিং-ভিত্তিক বিকাশে এই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের ফুটবলারদের জন্যও এটি ইতিবাচক বার্তা বহন করবে।

জাতীয় নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেন, দলের জন্য এটি একটি বড় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, এই সমর্থন দলকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে এবং আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভালো ফল অর্জনে সহায়ক হবে।

গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমাও এই পার্টনারশিপে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নারী ফুটবল দল ধারাবাহিক সাফল্য অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করেছে। টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বেও ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে দলটি।
 

আরও পড়ুন

×