ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চালু হয়েছে এনজিও–মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন

চালু হয়েছে এনজিও–মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ২৩:৪৫

বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়ন ও দুর্যোগ মোকাবিলায় চালু হয়েছে ‘এনজিও–মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোর্সড পুলড ফান্ড’।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই তহবিলের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তহবিলের উদ্যোক্তা স্টার্ট বাংলাদেশ হাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তহবিলটি জাতীয় এনজিও এবং মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর (এনজিও-এমএফআই) সমন্বিত সক্ষমতা ও সম্পদকে কাজে লাগিয়ে একটি টেকসই ও স্থানীয়ভাবে সংগঠিত জরুরি অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলবে। এটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি, পূর্বাভাসভিত্তিক কার্যক্রম জোরদার এবং দুর্যোগকালীন দ্রুত মানবিক সহায়তা নিশ্চিতে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের উন্নয়নে, দেশের বিপদের দিনে একটা বড় রকমের মাইলফলক হয়ে থাকবে।

জাতীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর সমন্বিত সক্ষমতা ও সম্পদকে কাজে লাগিয়ে এই তহবিল পরিচালিত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে দুর্যোগ ও মানবিক সংকটে দ্রুত অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি এবং পূর্বাভাসভিত্তিক কার্যক্রম (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) জোরদার করা হবে।

তহবিলে অংশ নেওয়া জাতীয় এনজিওগুলোর মধ্যে রয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), পপি এবং এসকেএস ফাউন্ডেশন।

স্টার্ট বাংলাদেশ হাব জানিয়েছে, তারা দেশি-বিদেশি ৪০টি এনজিওর একটি জোট, যাতে ২২টি স্থানীয় ও ১৮টি আন্তর্জাতিক এনজিও-আইএনজিও রয়েছে। দ্রুত অর্থায়ন ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক কার্যক্রমকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) মোহাম্মদ হেলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মাটিল্ডা সভেনসন, ব্রিটিশ হাইকমিশনের হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম ম্যানেজার মুসাউইর আহমেদ, ইউরোপীয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের ঢাকা অফিস প্রধান দাভিদে জাপ্পা, ইউনাইটেড নেশনস রেসিডেন্ট কো-অর্ডিনেটর অফিস ইন বাংলাদেশের পার্টনারশিপস সিনিয়র অফিসার সৈকত বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন

×