আরও দুই মামলায় জামিন পেলেন খায়রুল হক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৭:৪৬
জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার মুক্তিতে আপাতত আইনগত কোন বাধা থাকলো না।
বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে গত ২৮ এপ্রিল যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাঁচ মামলায় খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন।
গত ৮ মার্চ চার মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের একটি মামলাতেও তিনি জামিন লাভ করেন। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। এর মধ্যেই নিম্ন আদালতে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ সেই দুই মামলাতে জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও চারটি মামলা হয়।
