সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৯:৫১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) রাজীব কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা সেসব পোস্ট শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য।
নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণের পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত হবে অফিস আদেশে বলা হয়েছে।
আরও বলা হয়েছে, এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার কিংবা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন—এমন শিক্ষকদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।
