ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক

নাম বদল নিয়ে ধোঁয়াশা, নতুন সাইনবোর্ড ঝুলছে পাঁচ স্থানে

ডিএনসিসি ও রাজউকের পরস্পরবিরোধী অবস্থান

নাম বদল নিয়ে ধোঁয়াশা, নতুন  সাইনবোর্ড ঝুলছে পাঁচ স্থানে
×

তাজউদ্দীন আহমদের নামে পার্কের এই নামফলকটি ছাড়া সরিয়ে ফেলা হয়েছে বাকি সব সাইনবোর্ড

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৮:৪১ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১১:৫০

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নামকরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পার্কটির নাম নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে।

ডিএনসিসি বলছে, পাঁচ বছর আগে সব প্রক্রিয়া অনুসরণ করেই পার্কটি তাজউদ্দীন আহমদের নামে করা হয়। এখনও সেই নাম বহাল আছে। 
অন্যদিকে রাজউক বলছে, পার্কটির নাম ছিল গুলশান সেন্ট্রাল পার্ক। মালিক রাজউক। রাজউক পার্কটিকে আধুনিকায়নের জন্য ডিএনসিসিকে দিয়েছিল। এখনও পার্কটির নাম সেন্ট্রাল পার্কই আছে।

সরেজমিন দেখা গেছে, পার্কটির অন্তত পাঁচ স্থানে ঝুলছে নতুন সাইনবোর্ড। সেখানে লেখা– ‘গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড ক্রীড়া কমপ্লেক্স’। শুধু একটি স্থানে চার বছর আগের ‘তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’ সাইনবোর্ড ঝুলছে। যে পাঁচ স্থানে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে, এতদিন সেখানেও তাজউদ্দীনের নামের সাইনবোর্ড ছিল।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ। গত ৮ মে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। আমি সরকারকে অনুরোধ করব, তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির নামটাও যেন পরিবর্তন করা হয়।’

ফেসবুকের স্ট্যাটাস বিষয়ে সোহেল তাজের সঙ্গে কথা বলেছে সমকাল। পার্কের নাম পরিবর্তন বিষয়ে কোনো তথ্য-প্রমাণ তাঁর আছে কিনা– জিজ্ঞেস করলে সোহেল জানান, গুলশান থেকে এক ঘনিষ্ঠজন তাঁকে ফোন করে পার্কের নাম পরিবর্তনের তথ্য জানিয়েছেন। 

এর সূত্র ধরে সমকাল যোগাযোগ করে মাহাবুবুল করিম বাচ্চুর সঙ্গে। তাজউদ্দীন আহমদের বোনের ছেলে পরিচয় দিয়ে বাচ্চু সমকালকে বলেন, ‘কিছু লোক পার্কের চারপাশের সাইনবোর্ড খুলছিলেন। তারা জানান, সিটি করপোরেশন পার্কের নাম পরিবর্তন করেছে। এ জন্য নতুন সাইনবোর্ড লাগানো হবে।’ 

ডিএনসিসির স্থাপনা নামকরণ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও সংস্থাটির প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী এসএম শফিকুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন থেকে পার্কটির নাম শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক করা হয়। এই নাম পরিবর্তনের কোনো খবর আমার কাছে নেই।’

 ‘গুলশান সেন্ট্রাল পার্ক ও ক্রীড়া কমপ্লেক্স’ নাম লেখা নতুন সাইনবোর্ড	 -সমকাল

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্কটি একসময় রাজউকের মালিকানায় ছিল। পরে সেটা ডিএনসিসিকে হস্তান্তর করা হয়। ২০২০ সালে শহীদ তাজউদ্দীন আহমদের নামে পার্কটির নামকরণ করা হয়। তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগকে দিয়ে পার্কের একটি নকশা করা হয়। ২০২২ সালের ১৯ ডিসেম্বর পার্কটির উদ্বোধন করেন ডিএনসিসির তৎকালীন মেয়র আতিকুল ইসলাম।

তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল কাশেম বলেন, ‘পার্কের মালিক ছিল রাজউক। তদারকির জন্য পরে তা ডিএনসিসির কাছে হস্তান্তর করা হয়। তখনই ডিএনসিসি পার্কটি উন্নয়নের উদ্যোগ নেয়।’

জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, ‘তাজউদ্দীন আহমদের নামে কোনো পার্ক নেই। ওই পার্কের মালিক রাজউক। রাজউকের সঙ্গে চুক্তি মোতাবেক, পার্কটি পরিচালনা করবে গুলশান ইয়ুথ ক্লাব। তারা সাইনবোর্ড খুলে থাকতে পারে। তবে যেহেতু তাজউদ্দীন আহমদ একজন জাতীয় ব্যক্তিত্ব, তাই তাঁর নামে পার্কটা রাখা যায় কিনা, বিবেচনা করব।’

এ ব্যাপারে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে পারেনি সমকাল। তবে ক্লাবের অফিস সেক্রেটারি মিজানুর রহমান জানান, রাজউকের অনুমতিতেই তারা নতুন সাইনবোর্ড লাগিয়েছেন।

আরও পড়ুন

×