সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুইদিনে পড়ল ৪ হাজার ৪৮ ভোট
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২১:৪৫ | আপডেট: ১৪ মে ২০২৬ | ২২:০৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) নির্বাচনের দুই দিনব্যাপী ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।
দ্বিতীয় ও শেষ দিনে দুই হাজার ২৭৭ জন আইনজীবী ভোট দিয়েছেন। প্রথম দিন বুধবার ১৭৭১ ভোট পড়ে। সব মিলিয়ে দুই দিনে চার হাজার ৪৮ জন আইনজীবী ভোট দিয়েছেন। এবারে মোট ভোটার ১১ হাজার ৯৭ জন। ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন।
এদিকে, বিকেলে ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে গণনা শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গণনা চলছিল।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া পৃথক তিনটি প্যানেল অংশ নেয়। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই ছাড়াই ৪২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
- বিষয় :
- আইনজীবী
- আইনজীবী সমিতি
- ভোট গ্রহণ
