ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা

অতীতে পরিকল্পনা কমিশন ছিল ঠুঁটো জগন্নাথ

অতীতে পরিকল্পনা কমিশন ছিল ঠুঁটো জগন্নাথ
×

রাশেদ আল মাহমুদ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৯:০৩

| প্রিন্ট সংস্করণ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বারবার খরচ বাড়িয়ে এবং সময়ক্ষেপণের মাধ্যমে অতীতে দেশকে ঋণের ফাঁদে ফেলা হয়েছিল। পরিকল্পনা কমিশন ছিল ঠুঁটো জগন্নাথ। এ রকম লুটপাটের অর্থনীতি থেকে উত্তরণে কার্যকর, জবাবদিহিমূলক ও বাস্তবভিত্তিক কাঠামো তৈরি করছে সরকার। কাঠামোটি কেমন হবে, সে বিষয়ে উন্নয়ন গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী উদ্যোক্তাদের মতামতের ভিত্তিতে ৫ বছর মেয়াদি কাঠামো তৈরি করা হচ্ছে, যাতে জনগণের দেওয়া করের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। 

অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত অ্যাডভাইজরি কমিটির সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এতে সভাপতিত্ব করেন। কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। 

দেশের অর্থনৈতিক উন্নয়ন, নীতি সংস্কার ও ৫ বছর মেয়াদে আগামীর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৩৬ সদস্যের এই অ্যাডভাইজরি কমিটি গঠন করে সরকার। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে দেশের অধিকাংশ পরিকল্পনা গ্রহণের পরদিন থেকেই ‘মৃত দলিল’ হয়ে যেত। ওইসব পরিকল্পনার লক্ষ্য ও কৌশল বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হতো না। আগের পরিকল্পনা পদ্ধতিতে কাঠামোগত দুর্বলতা ছিল প্রকট। এসবের বিপরীতে কার্যকর নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়ন করছে বর্তমান সরকার। এ লক্ষ্যে খাতভিত্তিক পরিকল্পনা, সুনির্দিষ্ট কৌশল ও পরিমাপযোগ্য সূচক নির্ধারণ করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, অতীতে পরিকল্পনা কমিশন অনেক ক্ষেত্রে ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে কাজ করলেও এখন সেটিকে একটি কার্যকর নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×