পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র
জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হলে বিএমজিটিএ’র সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৪:০৪
এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হলে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন বিএমজিটিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের মাত্র ১২ দশমিক ১ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় এ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মাত্র ৯৩৪ কোটি টাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫ থেকে ২০ শতাংশ অথবা জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশে তা এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপির অন্তত ৬ শতাংশ বরাদ্দ থাকা প্রয়োজন। কিন্তু দেশে এখন পর্যন্ত কোনো সরকারই জিডিপির ২ শতাংশ বরাদ্দও নিশ্চিত করতে পারেনি। ফলে শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, ৯ম পে-স্কেল চালু, অনুপাত প্রথা বাতিল এবং সব প্রভাষককে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির দাবি জানানো হয়।
এ ছাড়া মাদ্রাসা থেকে স্কুল-কলেজ এবং স্কুল-কলেজ থেকে মাদ্রাসায় বদলির সুযোগ চালু, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন, মাদ্রাসাসহ সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবিও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সুরুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মণ্ডল, রফিকুল ইসলাম, আরমান শাহজাদা, রিপন খন্দকার, সালেহ উদ্দিন, আসাদুজ্জামান ও দেলোয়ার হোসেন প্রমুখ।
- বিষয় :
- শিক্ষক
- এমপিওভুক্ত
- শিক্ষাব্যবস্থা
- জাতীয়করণ
