সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
‘একতরফা’ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বিএনপিপন্থিদের
মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ আলী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৭:২৯
| প্রিন্ট সংস্করণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগপন্থিদের নির্বাচনের বাইরে রেখে ভোট হয়েছে। ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেননি। ‘একতরফা’ এই নির্বাচনে বিএনপিপন্থিরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। জামায়াতপন্থি একজন বিজয়ী হয়েছেন সদস্য পদে। নির্বাচনের ফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। তাঁরা বলেছেন, ‘আমরা সুপ্রিম কোর্ট বারে দলবাজির নির্বাচনের রাজনীতি চাই না। একটি সুষ্ঠু স্বাধীন ও গণতান্ত্রিক বার চাই।’
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থিরা ১৪টি পদের মধ্যে সভাপতি, সম্পাদকসহ ১৩টিতে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৯৮৪ ভোট পেয়ে আবার জয়ী হয়েছেন। তিনি বর্তমানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব। সম্পাদক পদে দুই হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আইনজীবী মোহাম্মদ আলী।
দুই দিনব্যাপী বার্ষিক নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোটগণনা শুরু হয়। গণনা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে রাত ২টার দিকে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন–সহ-সভাপতির দুটি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদকের দুটি পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদের মধ্যে ছয়টি পেয়েছেন বিএনপিপন্থি নীল প্যানেলের। তাঁরা হলেন–এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অন্য একটি পদে বিজয়ী হয়েছেন জামায়াতপন্থি সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী হন। ১১ হাজার ৯৭ ভোটারের মধ্যে মাত্র ৪ হাজার ৪৮ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির তিনটি প্যানেল অংশগ্রহণ করে। এর বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন।
বিশিষ্ট আইনজীবী ড. শাহ্দীন মালিক সমকালকে বলেন, এবারে সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। এক কথায় বলা যায় শতকরা ৭০ ভাগ ভোটার ভোট দিতে আসেননি। এটি খুবই অস্বাভাবিক ঘটনা। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বলতে গেলে এটি একতরফা নির্বাচন হয়েছে।’
সুপ্রিম কোর্ট বার সমিতির সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘এবারের নির্বাচনে জামায়াতপন্থি আইনজীবীদের সাধারণ ভোটাররা সমর্থন দেননি। তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাছাড়া, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট বারে গঠনতন্ত্র লঙ্ঘন করে বড় দুটি দল নির্বাচন করে আসছে। আমরা সেই কালো অধ্যায় থেকে বের হতে পারছি না।’
গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে আওয়ামীপন্থি আইনজীবীরা এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক ও বেআইনি হিসেবে আখ্যায়িত করেন।
- বিষয় :
- আইনজীবী সমিতি
