মাজারে হামলা করে টিকে থাকতে পারবেন না
মাজারে হামলার প্রতিবাদে গণঅবস্থানে ফরহাদ মজহার
রাজধানীর মিরপুর শাহ আলীর মাজারে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে মাজার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন সাধারণ ভক্ত ও আশেকান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শাহ আলী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৯:০৩
| প্রিন্ট সংস্করণ
শাহ আলী মাজারের মানতের টাকা লুটপাটের জন্যই সেখানে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। হামলাকারীদের উদ্দেশে তিনি বলেছেন, গণঅভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা এই দেশে টিকে থাকতে পারেননি। মাজারের টাকা লুটের চেষ্টা ও হামলা চালিয়ে আপনারাও টিকে থাকতে পারবেন না।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে গণঅবস্থান ও ভাবগানের আসরে ফরহাদ মজহার এসব কথা বলেন। গত বৃহস্পতিবার রাতে এই মাজারে হামলার প্রতিবাদে ‘সাধু-গুরু-ভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ’ ও ‘ভাববৈঠকী’ যৌথভাবে এই গণঅবস্থানের আয়োজন করে।
এই রাষ্ট্রচিন্তক বলেন, ‘মাজারে যে মানতের টাকা ওঠে, সেটা পাগলদের হক। এই টাকা লুটের জন্য গাঁজা খাওয়ার মিথ্যা অভিযোগ তুলে হামলা করা হয়েছে। আমরা এই মাজারে ভাবগান করি। আমাদের আঘাত করা হলে আমরা চুপচাপ থাকব না। চুপে চুপে আঘাত করা হলে রুখে দাঁড়াব।’
এর আগে মাজারে হামলার ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ফরহাদ মজহার বলেন, ঐক্যবদ্ধভাবে মাজারের পাগলদের রক্ষা করতে হবে। এই মাজারের আদব রক্ষা করে চলতে হবে। গাঁজাখোর বলে অভিযোগ তুলে কেউ যেন এখানে উচ্ছৃঙ্খল আচরণ না করতে পারে। আমাদের নিজেদেরও উচ্ছৃঙ্খলতা করা যাবে না।
এনসিপির কেন্দ্রীয় নেতা জায়েদ বিন নাসেরের সভাপতিত্বে এবং ভাববৈঠকীর প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রোমেলের পরিচালনায় গণঅবস্থানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা জসীম উদ্দিন প্রমুখ।
মাজারে হামলার প্রতিবাদে গতকাল বিপুল সংখ্যক ভক্ত ও আশেকান শাহ আলী মাজার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন।
- বিষয় :
- মাজার
