পল্লবীতে শিশুহত্যার ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৭:০৫ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৭:৩০
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে। বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি, সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পাল্টা প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্বে আসার পর, এ পর্যন্ত যতগুলো এই জাতীয় গুরুতর অপরাধ হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রেও বলতে পারবেন যে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভেতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে সবগুলোর তালিকা আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে, আপনারা প্রশ্ন তুলতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘তার ব্যাপারেও ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামির নাম সম্ভবত সোহেল খান, স্ত্রীসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। (দণ্ডবিধির) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আমরা এটুকু আশ্বাস দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হবে। বিচারের দায়িত্ব আদালতের।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিচারহীনতার যে বিষয়টা সবাই সব সময় বলে থাকেন, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেজন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় অপরাধ—আমি অন্তর্বর্তী সরকারের সময়েও দেখেছি, আমি তাদের কৃতিত্ব দিতে চাই; সে সময়ে এই জাতীয় কয়েকটা ঘটনা হলে সংক্ষিপ্ত সময়ের ভেতরে আইনি ব্যবস্থা তারা গ্রহণ করে।’
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
- সালাউদ্দিন আহমেদ
