ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হাইকোর্টের রুল জারি

ন্যায়পাল নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক নয়

ন্যায়পাল নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক নয়
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৯:৪৯

সংবিধানে থাকার পরও ন্যায়পাল নিয়োগ না দেওয়ার সরকারি নিষ্ক্রিয়তা কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ন্যায়পালের কার্যালয় কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমান জিলানী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে (আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে রিটকারী ইসরাত হাসান সাংবাদিকদের বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম, হয়রানি, দীর্ঘসূত্রতা, ভোগান্তি সম্পর্কিত যেকোনো অভিযোগ তদন্ত করে সেবার মান উন্নয়ন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হচ্ছে ন্যায়পালের দায়িত্ব।

তিনি আরও বলেন, সংবিধানের ৭৭ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ন্যায়পাল থাকবেন, যিনি সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা আমলাতান্ত্রিক আচরণ, অনিয়ম, হয়রানি, অবিচার, বাড়াবাড়ি ও কর্মসম্পাদনে অহেতুক বিলম্ব ইত্যাদি প্রশমন করে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন।

ইসরাত হাসান বলেন, এ বিষয়ে ১৯৮০ সালে ‘ওম্বুডসম্যান অ্যাক্ট’ প্রণয়ন করা হয়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। তিনি বলেন, রিট আবেদন করার আগে বিবাদীদের আইনি নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি। এরপর সরকারের এই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আবেদনটি করা হয়। আবেদনে বলা হয়, ন্যায়পাল নিয়োগ ও তার কার্যালয় প্রতিষ্ঠায় নিষ্ক্রিয়তা প্রদর্শন করা সংবিধানের ৭, ১১, ২৭, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের পরিপন্থি।

আরও পড়ুন

×