এসবি পরিচয়ে সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৫:২৯
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা পরিচয় দিয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের ব্যক্তিগত-পারিবারিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিটি এসবির পক্ষ থেকে এসব তথ্য চাওয়া হয় বলে জানিয়েছেন কয়েকজন সাংবাদিক। তবে হঠাৎ কী কারণে এমন উদ্যোগ, তা নিশ্চিত হওয়া যায়নি।
একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ প্রতিবেদক গতকাল বৃহস্পতিবার বলেন, ‘গত ১৮ মে কল দিয়ে একজন নিজেকে সিটি এসবির এসআই লাবু বলে পরিচয় দেন। এরপর তিনি আমার রাজনৈতিক সংশ্লিষ্টতা, সাংবাদিকতা ছাড়া অন্য কিছু করি কিনা, পারিবারিক বৃত্তান্ত ও তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, ফেসবুক প্রোফাইলের লিঙ্কসহ কিছু তথ্য চান। আমি জিজ্ঞেস করি, কেন এসব তারা জানতে চান? জবাবে তিনি বলেন, এসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিস আদেশ অনুযায়ী এসব জানতে চাইছেন।’
এ বিষয়ে জানতে এসবি প্রধানকে ফোনে কল দিয়ে ও মেসেজ পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি সাড়া দেননি। পরে সিটি এসবিপ্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনিও কল রিসিভ করেননি। অবশ্য এসবিপ্রধান সরদার নুরুল আমিন একটি গণমাধ্যমকে বলেছেন, কেন্দ্রীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যক্তিগত উদ্যোগে কেউ এমনটা করে থাকতে পারেন। তবে উদ্যোগটি কার তা তিনি বলতে পারেননি।
সিটি এসবির ঢাকা মহানগর পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। গত ১৮ মে সই করা ওই চিঠি মতিঝিল, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, পল্টন, সবুজবাগসহ ঢাকার কয়েকটি এলাকার জোন ইনচার্জদের পাঠানো হয়। চিঠিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে।
এর আগে ১৪ মে ওপেন সোর্স ইন্টেলিজেন্স শাখা থেকে দেওয়া এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ চিঠি পাঠানো হয় বলেও উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী পুলিশকে নাম-ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা, সাংবাদিকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত কিনা, পরিবারের রাজনৈতিক পটভূমি এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের লিংক সরবরাহ করতে বলা হয়েছে।
এদিকে সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। উপযুক্ত কারণ ছাড়া কেন এসব তথ্য জানতে চাইছে পুলিশ, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি সমকালকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। এসবি একটি বিশেষায়িত ইউনিট, তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবে।’
