নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা জামায়াতের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২২:৪৫ | আপডেট: ২২ মে ২০২৬ | ২২:৪৫
এনসিপির মুখ্য সমন্বয়কারী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার বিবৃতিতে বলেছেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বিবৃতিতে বলেছেন, ভিন্নমতের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সহিংস হামলা, সন্ত্রাস ও হত্যাচেষ্টার ঘটনা গভীর উদ্বেগজনক। জিল্লুর রহমানের ওপর সশস্ত্র হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিত রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ।
