ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ২২:৫৪

প্রকাশ্য শাস্তিকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলে তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন, যা চরম অবমাননার শামিল।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়ই মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা এবং শরিয়াবিরোধী আইন প্রণয়ন না করার মৌখিক অঙ্গীকার করে থাকেন। অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামি শরিয়া আইনকে মধ্যযুগীয় বলে হেয়প্রতিপন্ন করার মাধ্যমে আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটল।

যুব বিভাগের সম্মেলন

শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুব বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) একবার তরুণ যুবকদের নিয়ে বলেছিলেন, ‘ভয়হীন ও ঈমানদীপ্ত তরুণরাই সত্য প্রতিষ্ঠার অগ্রসৈনিক’।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। বক্তৃতা করেন যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক, কামাল হোসেন এমপি, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ড. মোবারক হোসাইন, শেখ মঞ্জুরুল হক রাহাত এমপি প্রমুখ।

আরও পড়ুন

×