লিটারে ৪০ টাকা কমল জেট ফুয়েলের দাম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২০:০৩
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর থেকে বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। এর ধারাবাহিকতায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম এ নিয়ে চলতি মাসে দুবার কমল। এবার কমল প্রতি লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা। এর আগে ৭ মে কমেছিল ২২ টাকা ৩৫ পয়সা।
শনিবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নতুন দর বলছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা, যা আগে ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।
আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ২৩মে এই দামের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনান্তে ৫মে থেকে ২১মে সময়ে জেট এ-১ এর প্রকাশিত প্লাটস রেট (আন্তর্জাতিক বাজারের দাম) গড়, বিপিসি এর এলসি সেটেলমেন্ট এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের এর বিদ্যমান মূল্য বিবেচনায় মে মাসের মধ্যবর্তী সময়ের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশনের মাধ্যমে সমন্বয় করা হয়েছে।
