ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সবার সম্মিলিত দায়িত্বের আহ্বান আবদুস সালামের

প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সবার সম্মিলিত দায়িত্বের আহ্বান আবদুস সালামের
×

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'জাতীয় লটারি ২০২৬' উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৪:২৫

সমাজের পিছিয়ে থাকা প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'জাতীয় লটারি ২০২৬' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদের মধ্যেও অসংখ্য প্রতিভা রয়েছে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা গেলে তারা চাকরি, সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমানভাবে প্রয়োজন রয়েছে। তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত না করা হলে তা বড় ধরনের অন্যায় হবে। আবদুস সালাম বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা এবং শ্রমিকবান্ধব কর্মসূচি তারই অংশ। একই সঙ্গে ঢাকার হকারদের পুনর্বাসনেও সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের সুস্থ ও সক্ষম মানুষের দায়িত্ব হলো প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো। সবাই যদি 'জাতীয় লটারি ২০২৬'-এর অন্তত একটি টিকিটও ক্রয় করেন, তাহলে সেই অর্থ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় হবে এবং এর মাধ্যমে মানবিক দায়িত্ব পালন করা সম্ভব হবে।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন হাজারীর সভাপতিত্বে এবং মো. আলম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুস সাত্তার দুলালসহ অন্যান্য অতিথিরা।
 

আরও পড়ুন

×