ঈদযাত্রায় ট্রেনের যাত্রীরা সন্তুষ্ট: রেলমন্ত্রী
আজ ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী শেখ রবিউল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ২০:১২
ঈদযাত্রা ট্রেনের যাত্রীরা সন্তুষ্ট বলে দাবি করে সড়ক, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই। পুরনো রেললাইন ও লোকোমোটিভে (ইঞ্জিন) সর্বোচ্চ সতর্কতায় ঈদযাত্রায় ট্রেন পরিচালনা করা হচ্ছে।
আজ রোববার ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন শেখ রবিউল আলম। ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগের জবাবে তিনি বলেছেন, ঈদযাত্রায় চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা ও সক্ষমতা পর্যাপ্ত নয়। সাধারণ সময়ে ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা হয়। ঈদে অতিরিক্ত ২৫ শতাংশ টিকিটসহ ৪০ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু লক্ষাধিক যাত্রীর ট্রেন ভ্রমণের চাহিদা থাকে।
কমলাপুরে আকস্মিক পরিদর্শন করেছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘আমি কোন ট্রেনে উঠব, তা আগে থেকে নির্ধারিত ছিল না। পরিদর্শনের সময় দুটি ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। ট্রেন ও প্লাটফর্মের পরিবেশ ভালো মনে হয়েছে। সিটিং ক্যাপাসিটির মধ্যেই যাত্রা হচ্ছে।’
সকালে কয়েকটি ট্রেন বিলম্বে যাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, তিনটি ট্রেন কিছুটা দেরিতে চলেছে। বুড়িমারী এক্সপ্রেস ঢাকায় আসার পথে রেললাইনে শুকাতে দেওয়া খড়ে এর চাকা স্লিপ করায় বিকল হয়। এটি তাই ঢাকাতে দেরিতে এসেছে। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকা থেকে ছেড়ে যেতে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে। অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটির ফলে অল্প কিছু ট্রেনের যেটুকু যাত্রা বিলম্ব হয়েছিল, তা দ্রুত সমাধানের চেষ্টা করেছি।
রেলমন্ত্রী বলেন, যেসব জায়গায় দুর্ঘটনা বা লাইনচ্যুত হওয়ার ঝুঁকি আছে, সেগুলো চিহ্নিত করে ঈদের আগেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, রেলের সার্বিক পরিবেশ ও সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। যাত্রীদের বরাতে মন্ত্রী বলেছেন, ‘আগে জরাজীর্ণ অবস্থা ছিল।’
মন্ত্রী বলেন, ঈদযাত্রায় বিভিন্ন রুটের ট্রেনে ৫১টি কোচ (বগি) যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮২-৮৩টি মিটারগেজ ইঞ্জিন সচল রয়েছে। শিগগির আরও একটি বা দুটি যুক্ত হবে।
পরিদর্শনকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- রেলমন্ত্রী
- শেখ রবিউল আলম
- ঈদযাত্রা
- ট্রেন
