শিশু নির্যাতন, ধর্ষণ ও বিচারহীনতা ‘আর না’
কন্যাশিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ০১:৪০
দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববারও রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘আর না’ প্রতিপাদ্যে এক সমাবেশের আয়োজন করা হয়। নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ), গণবিপ্লবী উদ্যোগ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক কয়েকজন নেতার পাশাপাশি নাগরিক আন্দোলনকারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, আসল উন্নত দেশ সেটাই, যেখানে নারী ও শিশুরা নিরাপদে বাঁচতে পারে। একটা আট বছরের শিশু যদি ধর্ষণ ও খুনের শিকার হয়, এটা শুধু একটা পরিবারের কষ্ট নয়; বরং পুরো সমাজের ব্যর্থতা। এ ধরনের নারকীয় ঘটনার দ্রুত বিচার ও অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। শিশু নিপীড়ন, ধর্ষণ, কর্তৃপক্ষের অবহেলা ও বিচারহীনতা ‘আর না’।
কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। একই সঙ্গে পল্লবীর শিশু হত্যাসহ সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনএসকে আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে নেতারা এ দাবি জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনএসকের সভাপতি নাসিমুন আরা হক মিনু।
ঢাকার বাইরে বিক্ষোভ
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেলের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল নাটোরের সিংড়ায় মানববন্ধন হয়েছে। এটি আয়োজন করে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি। রংপুর নগরীর প্রেস ক্লাবের সামনে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে মানববন্ধন করা হয়। মৌলভীবাজার জেলা সদরের চৌমোহনা চত্বরে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) নামে একটি সংগঠন জুতা নিক্ষেপ করে শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছে। সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি এবং মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলার নিকলীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সকালে জেন্ডার সমতা ও জলবায়ু জোট নামে একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। বিকেলে নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি ও জাহিদুল হক দীপু।
মানিকগঞ্জ জেলা নারী ও কিশোরী উন্নয়ন ফোরাম, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, পাসা এবং এনজিও ফেডারেশন যৌথভাবে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে কয়েকশ শিশু। তারা শিশু ধর্ষণসহ সব ধরনের নির্যাতন বন্ধ এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি করেছে।
- বিষয় :
- ধর্ষণ
- বিচার দাবি
