জামিনে মুক্তি পেলেন সাংবাদিক শওকত মাহমুদ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ০০:৫০
জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ সাড়ে পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে এতদিন তাকে কারাগারে রাখা হয়েছিল। আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
গত বছরের ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। পরে ওই বছরের ৭ ডিসেম্বর রাজধানীর মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর চলতি বছরের ৩০ মার্চ একই মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।
মামলায় বলা হয়েছে, গত বছর ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ ঘুরতে থাকেন শওকত মাহমুদ। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার গাড়ি থামায়। কেন এখানে ঘোরাঘুরি করছেন, জানতে চাইলে তিনি পুলিশকে কোনও উত্তর দিতে পারেননি। এ জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তার কাছে থেকে দুটি আইফোন জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় ‘সন্ত্রাসবিরোধী’ আইনে মামলা করা হয়। এরপর মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- বিএফইউজে
- শওকত মাহমুদ
- জামিন
