জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৩:১৬
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার মাজারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে সড়কের দুই ধারে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, 'আজকের জিয়া উদ্যানে মানুষের ঢল প্রমাণ করে জিয়াউর রহমানের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।'
স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, 'তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাই শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।'
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মাজার এলাকায় ভিড় করতে শুরু করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
