ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পবিত্র হজ পালিত

ত্যাগ, আত্মশুদ্ধির মহিমায় উদযাপিত ঈদুল আজহা

ত্যাগ, আত্মশুদ্ধির মহিমায় উদযাপিত ঈদুল আজহা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১১:৪২ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১১:৪৩

ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অঙ্গীকারে গত বৃহস্পতিবার দেশজুড়ে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এর আগে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে গত মঙ্গলবার সৌদি আরবে পালিত হয় পবিত্র হজ। গত বৃহস্পতিবার সকালে সারা দেশে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য, তাকওয়া অর্জন এবং মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। ধনী-গরিব, শহর-গ্রাম নির্বিশেষে মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। পরে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং হাজারো মুসল্লি অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররম ও সংসদ ভবনে ঈদের জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে আরও চারটি জামাত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হয়। জামাত শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্যাগ, ন্যায়পরায়ণতা ও সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের মুসলমানদের ঈদ মোবারক জানান। তিনি বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়; এটি আত্মত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়।

শোলাকিয়ায় বৃষ্টিভেজা জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ১৯৯তম ঈদুল আজহার জামাত। নামাজ শুরুর পরপরই বৃষ্টি শুরু হয়। তবে হাজারো মুসল্লি এর মধ্যেই নামাজ আদায় করেন। সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

দিনাজপুরের গোর-এ শহীদে বড় জামাত

এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ শহীদে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। প্রায় ২২ একর আয়তনের এ ময়দানে দিনাজপুরসহ আশপাশের জেলা-উপজেলা থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন।

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান 

গত মঙ্গলবার সৌদি আরবে পবিত্র হজের মূল রুকন আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে সম্পন্ন হয়েছে হজের প্রধান আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফাত ময়দান। ভোর থেকেই হাজিরা কোরআন তিলাওয়াত, জিকির, ইবাদত ও দোয়ায় মগ্ন থাকেন। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তারা ধৈর্য ও একাগ্রতার সঙ্গে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গমন করেন এবং সেখানে রাতযাপন শেষে মিনায় ফিরে জামারাতে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও তাওয়াফসহ হজের অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।

১৭ লাখের বেশি মুসল্লির হজ পালন

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, এ বছর পবিত্র হজ পালন করেছেন ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি। তাদের মধ্যে ১৬৫টি দেশ থেকে আসা হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫। আর সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত হাজির সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৬৪৬। পুরুষ ছিলেন ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন।

বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিরতি ১৫টি ফ্লাইটে এখন পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন হজযাত্রী দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান, সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস যৌথভাবে ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করছে। ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজ চলাকালে সৌদি আরবে ৩৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী।

আরও পড়ুন

×