সিনেমা প্রদর্শন ও বাউল গানের আয়োজন বন্ধের ঘটনায় আসকের উদ্বেগ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৯:২১ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৯:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধ এবং নেত্রকোনার মদন উপজেলায় একটি পূর্বনির্ধারিত বাউল সংগীতের সাংস্কৃতিক অনুষ্ঠান চাপের মুখে বন্ধ করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে আসক।
সংস্থাটি মনে করে, এ ধরনের ঘটনা সাংস্কৃতিক স্বাধীনতা ও নাগরিকের মৌলিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ। আসক বলেছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭, ২৮ ও ৩৯ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং চিন্তা, বিবেক, বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা সংরক্ষিত। সাংস্কৃতিক চর্চা ও শিল্প-সাহিত্য চর্চা এই অধিকারের অবিচ্ছেদ্য অংশ।
এছাড়া জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণার অনুচ্ছেদ ১৯ ও ২৭ এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর)-এর অনুচ্ছেদ ১৯ ও ২১-এ মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণের অধিকার স্পষ্টভাবে স্বীকৃত। কোনো গোষ্ঠী বা চাপের কারণে এসব অধিকার খর্ব করার সুযোগ নেই বলে জানিয়েছে আসক।
আসক আরও জানায়, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলো নাগরিকদের সাংস্কৃতিক ও মতপ্রকাশের অধিকার সুরক্ষা করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইনের শাসনকে পাশ কাটিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
সংস্থাটি স্পষ্ট করে বলেছে, সাংস্কৃতিক আয়োজন নিয়ে ভিন্নমত থাকা গণতান্ত্রিক অধিকার হলেও, ভয়ভীতি, চাপ সৃষ্টি বা অবৈধ প্রভাব খাটিয়ে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন প্রবণতা সমাজের সাংস্কৃতিক সহনশীলতা, বহুত্ববাদ ও গণতান্ত্রিক মূল্যবোধকে দুর্বল করে।
আসকের আহ্বান আইন ও সালিশ কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যাতে প্রতিটি সাংস্কৃতিক আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
- বিষয় :
- আসক
- বনলতা এক্সপ্রেস
- বাউল গানের অনুষ্ঠান
