পরিবারের সদস্যকে দিয়ে এসএসসির খাতার বৃত্ত ভরাট, শিক্ষককে শোকজ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ২১:৫৮
এসএসসি পরীক্ষার উত্তরপত্রের বৃত্ত পরিবারের সদস্যকে দিয়ে ভরাট করানোর অভিযোগে শোকজের মুখে পড়েছেন মানিকগঞ্জের এক শিক্ষক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত শিক্ষক শাহজাহান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্রের বৃত্ত অভিযুক্ত শিক্ষক তাঁর পরিবারের সদস্যকে দিয়ে ভরাট করিয়েছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। বোর্ডের বিধিমালা অনুযায়ী, প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী কিংবা পরিবারের সদস্যকে দিয়ে উত্তরপত্রের বৃত্ত ভরাট বা মূল্যায়নের কাজে যুক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায় শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর জবাব পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
- বিষয় :
- এসএসসি
- ঢাকা বোর্ড
- শোকজ
