ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৪৯২ উপজেলা হাসপাতালে শয্যা হচ্ছে দ্বিগুণ

৪৯২ উপজেলা হাসপাতালে শয্যা হচ্ছে দ্বিগুণ
×

সাখাওয়াত হোসেন

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:৩০

| প্রিন্ট সংস্করণ

দেশের ৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন শিশু হাসপাতালগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রতিটিতে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থাকবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে শয্যাসংখ্যা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচটি হাসপাতালের আসবাব ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যন্ত্রপাতি আমদানিসহ প্রয়োজনীয় কাজ শেষ করে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে হাসপাতালগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, প্রতিটি হাসপাতালে প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। এজন্য প্রয়োজনীয় জনবল বরাদ্দ দিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। জনবল অনুমোদন ও অর্থায়ন নিশ্চিত হলে হাসপাতালগুলো চালু করা হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন সংকটের বিষয়ও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, চিকিৎসক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা উন্নয়নের লক্ষ্যে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের নকশা ও প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে; শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।
মিটফোর্ড হাসপাতালের কয়েকটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে অবৈধভাবে দখল বা সাবলেট হওয়া অংশগুলো উচ্ছেদ করে সেখানে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হবে বলে জানান তিনি। এ ছাড়া দেশের পাঁচটি বড় শহরে বা শহরসংলগ্ন এলাকায় ১ হাজার শয্যার পাঁচটি বিশেষায়িত মাতৃসদন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। 
 

আরও পড়ুন

×