একসঙ্গে দুই দায়িত্ব পালনের ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:৫৪
| প্রিন্ট সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন খলিলুর রহমান। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন ইঙ্গিত দেন তিনি।
সাধারণ পরিষদে বিজয় কাকে উৎসর্গ করবেন– জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশের বিজয়। এ বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়। কারণ তিনি যদি দৃঢ় ও অবিচলভাবে সিদ্ধান্ত না নিতেন এবং বিরতিহীনভাবে আমাদের সমর্থন না দিতেন, তাহলে ১০ বছরের রাস্তা আমরা ১০ সপ্তাহে অতিক্রম করতে পারতাম না।’ তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং বিদেশে যারা আছেন, তারা নিরলসভাবে কাজ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাসহ আমরা দলগতভাবে কাজ করেছি, এ বিজয়ের পেছনে তাদের অবদান ছিল প্রচুর। এ বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি।’
একসঙ্গে দুই পদে দায়িত্ব পালন করবেন কিনা কিংবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কিনা– এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘এত ব্যস্ত হবেন না, এর দৃষ্টান্ত রয়েছে। ৪০ বছর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন আমি তাঁর ব্যক্তিগত সচিব ছিলাম এবং তাঁর সঙ্গে আমরা কাজ করেছি। তিনি একই সময়ে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছেন। সেই সময় ইন্টারনেট বা আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখন প্রযুক্তির কারণে দায়িত্ব পালন আরও মসৃণভাবে করা সম্ভব।’
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর গতকাল সকালে দেশে ফিরেছেন খলিলুর রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পক্ষে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে। এ ছাড়া বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা।
গত ৩ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমানের জয়লাভের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, খলিলুর রহমান অত্যন্ত দক্ষ পেশাজীবী, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী রাজনীতিক এবং কূটনীতিক হিসেবে পরিচিত।
সফরের দ্বিতীয় দিনে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
- বিষয় :
- খলিলুর রহমান
