ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

হাদি হত্যার বিচারের অগ্রগতি জানাতে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচারের অগ্রগতি জানাতে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
×

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০০:৩৯ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ০০:৩৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের অগ্রগতি জানানোর দাবি জানিয়ে এক সপ্তাহের আলটিমেটাম ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী শুক্রবারের (১২ জুন) মধ্যে দাবি আদায় না হলে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

গতকাল শুক্রবার জুমার পর হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেওয়া হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে টিএসসি ঘুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে ওসমান হাদির সামনের সড়কে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত সরকার ওসমান হাদির বিচারের ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারেনি। সরকার বারবার বলছে হত্যাকারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কি না, সেটা আমরা জানতে চাই।’

তিনি বলেন, ‘হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ নতুন কোনো দফা বা আলটিমেটাম দিতে চায় না। তবে বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। আগামী সাত দিনের মধ্যে সরকার যদি হত্যাকারীদের শনাক্তকরণ, বিচারপ্রক্রিয়ার অগ্রগতি এবং তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা বা আলটিমেটাম দেব না। এখন আলটিমেটাম দেবে সরকার। এখন দফা দেবে সরকার। আমাদের দফা এবং আলটিমেটাম দেওয়া শেষ। আমাদের যদি সামনে আর কোনো দফা এবং আলটিমেটাম দিতে হয়, সেটা হবে চূড়ান্ত আন্দোলনের।’

জাবের বলেন, ‘জাতিসংঘের অধীনে একটা তদন্ত হওয়ার কথা ছিল। জাতিসংঘ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে নাকি তারা বারণ করে দিয়েছে, এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট—হাদি হত্যায় ভারত ও বাংলাদেশের যোগসূত্র রয়েছে। তাই আমি মনে করি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কীভাবে এই খুনের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন

×