ব্রিফিংয়ে জয়সওয়াল
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে নিজস্ব আইনে ব্যবস্থা
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশসহ বিদেশের যেসব নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছে তাদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশষ করে, অবৈধ বাংলাদেশি নাগরিকদের সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে ঢাকার সহযোগিতা কামনা করেছেন তিনি।
জয়সওয়াল গতকাল শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ব্রিফিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশসহ যেসব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সুনির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ীই তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
অবৈধভাবে বসবাসকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে জয়সওয়াল বলেন, ‘এই কার্যক্রমের জন্য দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কার্যপদ্ধতি বা দ্বিপক্ষীয় মেকানিজম চালু রয়েছে। এর অংশ হিসেবে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা ও তথ্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে থাকি, যাতে তারা ওই ব্যক্তিদের জাতীয়তা বা নাগরিকত্ব যাচাই করতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নাগরিকত্ব নিশ্চিত করার পরেই আমরা চূড়ান্তভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাই।’
ভারতে অবৈধভাবে চিহ্নিত অনেক নাগরিকের পরিচয় যাচাইয়ের অনুরোধ বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে ঝুলে রয়েছে বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, ‘বাংলাদেশের কাছে আমাদের এমন অনেক অনুরোধ এখনও ঝুলে রয়েছে। আমরা আশা করি, প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব গতিশীল করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থান করা ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কোনো বাধা ছাড়াই সহজ ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যায়।’
- বিষয় :
- অবৈধ অভিবাসী
