ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
'ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬'-এর শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৫:২০
গোয়াতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। দেশের গর্বিত এই নারী ফুটবলাররা ভারতের মাটিতে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এবং ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত 'ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬'-এর শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মেয়েদের এই গৌরবময় যাত্রার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং গতকাল সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২-১ গোলের দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানান। একই সাথে আজ গোয়ার মাঠে মেয়েদের ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো দেশের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন এবং নারী ফুটবলারদের প্রতি আন্তরিক শুভকামনা জানান।
তৃণমূল পর্যায় থেকে ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মাহফুজুল আলম খান এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. মাহবুবুর রহমান।
এই প্রতিযোগিতাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় প্রাথমিক বাছাই এবং নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বিভাগের জন্য ১৬ জনের চূড়ান্ত দল গঠন করা হয়েছে, যেখান থেকে পরবর্তীতে গতিশীল ৮ জনকে নিয়ে একটি আকর্ষণীয় 'বীচ ফুটবল টুর্নামেন্ট' আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সরকার কাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের নিয়ে জাতীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি আরও বলেন, বড় মঞ্চে খেলার সুযোগ পেলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও স্বপ্ন আরও বিস্তৃত হবে, যা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- বিষয় :
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ
- বাংলাদেশ
