ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রায়ে সন্তুষ্ট শিশুটির বাবা, দ্রুত কার্যকরের দাবি

রায়ে সন্তুষ্ট শিশুটির বাবা, দ্রুত কার্যকরের দাবি
×

আদালতে তোলার সময় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১২:৫৮ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৫:৪১

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুটির বাবা। রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। যত দ্রুত সম্ভব রায় কার্যকর চাই।’ 

শিশুটির বাবা বলেন, 'রায়ে শতভাগ খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারক, পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ দেশের সব মানুষ যারা আমার এবং আমার পরিবারের বিপদে পাশে রয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, আমার মেয়ে হত্যার যে রায় আজ আদালত দিয়েছেন, সেই রায় আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। 

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ রোববার আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

এদিন সকাল ১১টা পাঁচ মিনিট থেকে ১১টা ৩৮ মিনিট পর্যন্ত রায় পড়েন বিচারক। রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন দুই আসামি। এর আগে সকাল পৌনে ৯টায় কারাগার থেকে প্রিজনভ্যানে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকা মহানগর আদালতে আনা হয়। পরে দুই আসামিকে এজলাসে তোলা হয়।

গত বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন বিচারক। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করলেন আদালত।

আরও পড়ুন

×