ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

সড়কবাতির প্রযুক্তি শিখতে রাসিক প্রশাসক ফ্রান্স যেতে পারছেন না

প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়কবাতির প্রযুক্তি শিখতে রাসিক প্রশাসক ফ্রান্স যেতে পারছেন না
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৯:৩৩ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৯:৩৫

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই সফরের অনুমতি পেয়েছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী।

রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানের ভ্রমণ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো প্রস্তাবের সার-সংক্ষেপে সরকার প্রধানের নির্দেশনা থেকে আজ সোমবার এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, ‘এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা সিটি করপোরেশনের কাজে লাগবে। প্রশাসক প্রকৌশলী নয়, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।’

প্রধানমন্ত্রীর নিদের্শনায় আরো বলা হয়, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিৎ হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সিগনেফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানির আমন্ত্রণে ‘সিগনেফাই ফ্রান্স এর আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার’ পরিদর্শন এবং সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে ফ্রান্সে যেতে চেয়েছিলেন মাহফুজুর রহমান ও আসাদুজ্জামান। তাদের ফ্রান্স সফরের প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। 

সম্প্রতি মশক নিধনের পদ্ধতি দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। ওই ভ্রমণ প্রস্তাবের ফাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশকনিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।’

আরও পড়ুন

×