কর্মবিরতি প্রত্যাহার করলেন ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২০:৫২
ভাতা বৃদ্ধি, বেসরকারি প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানসহ ছয় দফা বিষয়ে সরকারের আশ্বাস পাওয়ার পর চলমান কর্মবিরতি ও ওয়ার্ড এবং ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকেরা।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় অংশ নেওয়া সব পক্ষ কয়েকটি বিষয়ে একমত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী নিয়মিত মাসিক ভাতা পাবেন। এ ছাড়া সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বাড়ানো হবে।
সভায় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
এ ছাড়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে কর্মরত এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরিতেও অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দল চলমান কর্মবিরতি এবং ওয়ার্ড ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
দাবি আদায়ে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকেরা আন্দোলন করে আসছিলেন। তাদের কর্মসূচির কারণে কিছু স্থানে চিকিৎসাসেবাও আংশিকভাবে ব্যাহত হয়। আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হওয়ায় আপাতত সেই অচলাবস্থার অবসান হলো।
- বিষয় :
- কর্মবিরতি
- প্রত্যাহার
- চিকিৎসক
