হামে শিশু মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৪:১০
সারাদেশে হামে শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখে দুপুরে তা খারিজ করে দেন।
মামলায় অন্য যাদের আসামি করা হয়েছিল তারা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর। আদালতে বাদীপক্ষে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান।
মামলার বাদী সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল বলেন, দেশে বর্তমানে ব্যাপকভাবে শিশুরা মৃত্যুবরণ করছে এবং প্রায় এক বছর ধরে বিভিন্ন হাসপাতালে অসংখ্য শিশু চিকিৎসাধীন রয়েছে। আমার নির্বাচনী এলাকায়ও অনেক শিশু মারা গেছে। জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা থেকে এ মামলা করেছি।