ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভালো সম্পর্ক চাইলে স্বীকৃত প্রক্রিয়া মেনে চলা উচিত

ভালো সম্পর্ক চাইলে স্বীকৃত প্রক্রিয়া মেনে চলা উচিত
×

শামা ওবায়েদ ইসলাম

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে জোরপূর্বক ঠেলে দিচ্ছে দিল্লি। যদিও অবৈধভাবে থাকা নাগরিকদের প্রত্যাবাসনে দুদেশের মধ্যে একটি স্বীকৃত প্রক্রিয়া রয়েছে– দ্বিপক্ষীয় কনস্যুলার সংলাপ। ভারতকে সেই প্রক্রিয়াটির কথা স্মরণ করিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, সম্পর্ক ভালো করতে চাইলে দুদেশের বিদ্যমান প্রক্রিয়া অবলম্বন করা উচিত। গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 
সীমান্ত দিয়ে ভারতের পুশইন নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে কিছুদিন ধরেই আমরা পুশইনের কথা শুনতে পাচ্ছি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি খুবই শক্তভাবে এটি মোকাবিলা করছে। আমরা কোনোভাবেই পুশইনকে সুযোগ দিচ্ছি না।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, একটা মেকানিজম আছে। আমাদের যখন কোনো নাগরিক অবৈধভাবে কোনো দেশে যায়, তাকে নাগরিকত্ব যাচাই-বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে। সেটি বাংলাদেশ অনুসরণ করে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে যদি এই পুশইন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটি কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। 
বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের কথা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে ভারতকে আমরা ১২-১৩টা চিঠি দিয়েছি। যদি বাংলাদেশি কোনো নাগরিক ভারতে অবস্থান করে থাকে, তবে তাকে ফেরত আনার একটি প্রক্রিয়া আছে। 

সেই প্রক্রিয়ায় সম্প্রতি আমরা চেন্নাই থেকে ৩৪ জনকে ফেরত এনেছি। তারা ওখানে গিয়ে আটকা পড়ে গিয়েছিলেন। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান প্রক্রিয়া ও কূটনীতি অবলম্বন করেই ভারতকে আমাদের সঙ্গে কাজ করতে হবে, কথা বলতে হবে। বাংলাদেশও সেটি করবে। আমরা যত রকম কূটনীতিক শিষ্টাচার রয়েছে, তা অনুসরণ করছি। যখনই পুশইনের ঘটনা ঘটছে, ভারতকে আমরা চিঠি দিচ্ছি। আমরা আশা করব, ভারত সরকার বিষয়টি গুরুত্বসহকারে নেবে এবং যথাযথ প্রক্রিয়া ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করবে। 
পুশইন দুদেশের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টাকে ব্যাহত করবে কিনা– প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, এক একটা ঘটনা ভিন্ন। ফলে একটার সঙ্গে আরেকটা জড়িত না। তবে ভারত সরকার যদি পুশইনের বিষয়টি গুরুত্বসহকারে নেয়, তাহলে আমাদের জন্য সম্পর্কটা এগিয়ে নেওয়া অনেক সহজ হবে।

আরও পড়ুন

×