প্রস্তাবিত বাজেট নিয়ে উদীচীর উদ্বেগ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২০:৪৮
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ)। সংগঠনটি জানায়, প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাত প্রয়োজনীয় গুরুত্ব পায়নি। তাদের মতে, ঘোষিত বাজেট দেশের সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় সংস্কৃতির শক্তিশালী ভিত্তি নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ মূল্যায়ন তুলে ধরেন।
তাদের বিবৃতিতে বলা হয়, এবারের বাজেট মূলত আগের বছরগুলোর ধারাবাহিকতা বহন করছে। সংস্কৃতি খাতকে রাষ্ট্রীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনার পরিবর্তে এখনও একটি গৌণ খাত হিসেবে দেখা হচ্ছে বলেই বাজেট প্রস্তাবে প্রতিফলিত হয়েছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য মোট ৮২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ের জন্য ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৩৪১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
উদীচীর নেতারা বলেন, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও কার্যক্রম দীর্ঘদিন ধরে নানা সংকটে রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর উদ্যোগের প্রয়োজন থাকলেও বাজেটে সে ধরনের প্রতিফলন দেখা যায়নি।
তারা আরও উল্লেখ করেন, পরিচালন ব্যয়ের তুলনায় উন্নয়ন ব্যয়ে প্রত্যাশিত বৃদ্ধি হয়নি। বিশেষ করে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির কার্যক্রম সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের হলেও এবারের বাজেটেও সে বিষয়ে কোনো সুস্পষ্ট উদ্যোগের ইঙ্গিত নেই।
সংগঠনটির মতে, সংস্কৃতি খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে বরাদ্দ ও পরিকল্পনা বাড়ানো না হলে সাংস্কৃতিক বিকাশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হবে।
- বিষয় :
- উদীচী
