ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বেওয়ারিশ মরদেহের গোসল-দাফনে বিনামূল্যে সেবা দেবে মাস্তুল ফাউন্ডেশন

বেওয়ারিশ মরদেহের গোসল-দাফনে বিনামূল্যে সেবা দেবে মাস্তুল ফাউন্ডেশন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২২:৫৮

সমাজের সুবিধাবঞ্চিত ও বেওয়ারিশ মানুষের মর্যাদাপূর্ণ শেষ বিদায় নিশ্চিত করতে ‘মাস্তুল মরদেহ গোসলখানা’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে মাস্তুল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের আওতায় অসহায় ও বেওয়ারিশ মরদেহের গোসল, কাফন ও দাফনসংক্রান্ত সব ধরনের ব্যয় তারা বিনামূল্যে বহন করবে।

মাস্তুল ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সেবার মান ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনার জন্য সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এ আকমল হোসেন আজাদ। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবিক এ কার্যক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মাস্তুল ফাউন্ডেশন একটি নিবন্ধিত সেবামূলক প্রতিষ্ঠান। গত এক দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, স্বাস্থ্য ও মানবিক সহায়তা, কর্মসংস্থানমুখী উদ্যোগ এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও আশ্রয়ের ব্যবস্থা।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, করোনাভাইরাস মহামারির সময় তারা মরদেহ দাফন কার্যক্রমে অংশ নেয়। এ ছাড়া ২০২২ ও ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, তুরস্কের ভূমিকম্প এবং গাজা ও সুদানের মানবিক সংকটে সহায়তা পাঠানোর উদ্যোগেও তারা যুক্ত ছিল।

মাস্তুল ফাউন্ডেশন জানায়, তাদের ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন, মসজিদ সংস্কার এবং ‘মেহমানখানা’ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। রাজধানীর হাজারীবাগের বারইখালি এলাকায় প্রতিষ্ঠানটি একটি মাদ্রাসা, এতিমখানা ও আশ্রয়কেন্দ্রও পরিচালনা করছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিধান অনুযায়ী মাস্তুল ফাউন্ডেশনে দেওয়া অনুদান ও যাকাত কর রেয়াতের আওতাভুক্ত।

আরও পড়ুন

×