আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থায়ী সমাধান নয়: বিপিএইচসিডিএ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৪:৪৩
আদ্-দ্বীন হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)। একই সঙ্গে সংগঠনটি বলেছে, একটি নির্দিষ্ট ঘটনার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসা কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে দেওয়া সমস্যার সর্বোত্তম সমাধান হতে পারে না।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপিএইচসিডিএর সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) ও মহাসচিব ডা. এ. এম. শামীম এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সংগঠনটি বলেছে, তদন্তে যদি কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে ঘাটতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
বিপিএইচসিডিএর নেতারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও চিকিৎসাজনিত জটিলতার ঘটনা ঘটে থাকে। এসব ক্ষেত্রে সাধারণত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ত্রুটি চিহ্নিত করা, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতেও একই ধরনের নীতি অনুসরণ করা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনীয় তদারকি, নির্দেশনা এবং সংশোধনমূলক শর্তসাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালকে পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ বিবেচনা করা যেতে পারে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা যেন বিধিসম্মত প্রক্রিয়া ও বাস্তব পরিস্থিতির আলোকে নেওয়া হয়, সেটিই কাম্য।
সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট তদন্ত কমিশনে বিপিএইচসিডিএর কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের তদন্ত ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সংগঠনের প্রতিনিধি যুক্ত করা হলে বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ সুপারিশ প্রণয়ন সহজ হবে বলে তারা মনে করে।
বিপিএইচসিডিএ জানিয়েছে, দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও নিরাপদ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে গড়ে তুলতে তারা সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
- বিষয় :
- হাসপাতালে মৃত্যু
