৩ মামলায় মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৯:১৩
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. সাগরকে হত্যাসহ তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের বেঞ্চ এই আদেশ দেয়। তবে আরও তিন মামলায় জামিন প্রশ্নে রুল বিচারাধীন থাকায় মমতাজ আপাতত মুক্তি পাচ্ছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন।
মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু ও ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোসাম্মদ খাইরুন নেসা। আগামী বৃহস্পতিবার ওই তিন মামলার জামিন শুনানির জন্য ধার্য রয়েছে।
২০২৫ সালের ১৭ মে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়। ওই বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শিল্পী মমতাজ। পুলিশ জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে, একই আদালত সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এক মামলায় ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
