ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বেনজীরের বিরুদ্ধে একটি মামলার বিচার চলছে

আরও পাঁচ মামলার চার্জশিট হবে

বেনজীরের বিরুদ্ধে একটি মামলার বিচার চলছে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২৩:৩৩

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার বিচার চলছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর করা মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। বাদী পক্ষের ২৮ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

দুদকের আইনজীবী মীর আবদুস সালাম সমকালকে বলেন, দুই মাসের মধ্যে বাকি ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আসামি বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনা গেলে সাক্ষীদের রি-কল করে তাঁর আইনজীবী জেরা করার সুযোগ পাবেন। ফিরিয়ে আনা সম্ভব না হলে যুক্তি-তর্কের শুনানি শেষে একতরফা রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত।

আদালত সূত্র জানায়, বেনজীর দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে ১১ কোটি ৪২ লাখ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। দুদকের অনুসন্ধানে তাঁর নামে ১৬ কোটি ১১ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এই হিসাব অনুযায়ী তিনি ৪ কোটি ৬৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

অন্যদিকে তিনি তাঁর সর্বশেষ আয়কর নথিতে ৬ কোটি ৪৬ লাখ টাকার আয় উল্লেখ করেছেন। পারিবারিক ব্যয় দেখিয়েছেন ১ কোটি ৯৫ লাখ টাকা। মোট আয় থেকে খরচ বাদ দিলে তাঁর আয় থাকার কথা ৪ কোটি ৫১ লাখ টাকা। দুদকের অনুসন্ধানে পাওয়া মোট ১৬ কোটি ১১ লাখ টাকার সম্পদ থেকে চার কোটি ৫১ লাখ টাকা বাদ দেওয়া হলে তাঁর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দাঁড়ায় ১১ কোটি ৬০ লাখ টাকার।

দুদক আইন অনুযায়ী তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ডোর বিধান রয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আদালত সূত্র জানায়, এই মামলায় বেনজীরের বিরুদ্ধে রায় হলে তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

দুদক এই মামলার চার্জশিট আদালতে পেশ করেছে গত বছরের ৩০ নভেম্বর। এরপর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের নির্দেশনা অনুযায়ী মামলার বিচার কাজ শুরু হয়েছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও পাঁচটি মামলার তদন্ত দুদক শেষ করেছে। দুদক বর্তমানে কমিশন শূন্য অবস্থায় আছে। একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে কমিশন যোগদান করলে এসব চার্জশিটের অনুমোদন দেওয়া হবে। পরে সেগুলো আদালতে পেশ করা হবে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক বেনজীর, তাঁর স্ত্রী জীসান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করে। অপরাধমূলক অসদাচরণ ও প্রতারণার আশ্রয় নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণের অভিযোগে আরও একটি মামলা করা হয় ২০২৪ সালের ১৪ অক্টোবর।

আরও পড়ুন

×