পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ২ আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ
আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৩:০৫
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের এই আদেশ দেন। মামলাটি শুনানির জন্য এই বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।
এদিকে পল্লবীতে শিশুটির ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।
জানা গেছে, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে আসে। গত ৭ জুন পল্লবীতে ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত।
