ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১০ জেলায় রেল সেবা সম্প্রসারিত হবে: রেলমন্ত্রী

১০ জেলায় রেল সেবা সম্প্রসারিত হবে: রেলমন্ত্রী
×

রেলমন্ত্রী শেখ রবিউল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৯:৩৬ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৯:৩৯

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার পার্শ্ববর্তী এবং দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা রেল সেবা সম্প্রসারিত হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

রেলপথ মন্ত্রণালয়ের থেকে জানা গেছে- শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলা রেল যোগাযোগের আওতায় আসছে।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম, সেবা কী পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে; এ বিষয়ক সভা হয়েছে। সেবার মান বৃদ্ধিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ এবং ধীরাশ্রমে কন্টেইনার ডিপো (আইসিডি) প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে। 

মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ব্রডগেজে উন্নীত করতে টঙ্গী-আখাউড়া-লাকসাম অংশে ডুয়েলগেজ ডাবল লাইন হবে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ-কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 

শেখ রবিউল আলম বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর, ঢাকা-নরসিংদী কমিউটার ট্রেন রয়েছে। মানিকগঞ্জের সঙ্গে ট্রেন যোগাযোগ নেই। ঢাকা-মানিকগঞ্জ রেল যোগাযোগ স্থাপনের চিন্তা আছে। 

কর্ডলাইন, মানিকগঞ্জ পর্যন্ত রেললাইন, আইসিডি, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা আগের সরকারগুলোরও ছিল। নতুন কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, আগে রেললাইন হয়েছে, কিন্তু বগি ইঞ্জিন কেনা হয়নি। এখন থেকে রেললাইন নির্মাণের সঙ্গে ইঞ্জিন বগি কেনা হবে। ভিন্ন ভিন্ন প্রকল্পে নয়, ভিন্নভাবে বাস্তবায়িত হবে।

আরও পড়ুন

×