ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া

নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে দুদক

নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে দুদক
×

বেনজীর আহমেদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২১:৪৯ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ২২:১০

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সব ধরনের নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব (এক্সট্রাডিশন প্রপোজাল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। 

মঙ্গলবার তদন্ত টিমের প্রধান ও দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ইংরেজি ও আরবিতে অনুবাদ করা প্রস্তাব ও অন্যান্য নথি জমা দিয়েছেন। একই দিনে এই প্রস্তাবের অনুলিপি পুলিশের মহাপরিদর্শকের কাছে দেওয়া হয়েছে। দুদক সূত্রে এই খবর জানা গেছে।

দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় প্রস্তাবের ওপর নোটারি করে একটি প্রত্যয়ণপত্র দেবে। এরপর প্রস্তাবটি আইন মন্ত্রণালয় থেকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি আজ রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। সবশেষে প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে দুই-একদিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঠানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীরের বিরুদ্ধে মামলা, চার্জশিট, আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানার আদেশ, আইন-বিধিসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র ওই প্রস্তাবের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইন্টারপোলের বাংলাদেশ ফোকাল পয়েন্ট ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুইজন সদস্য দুদকের প্রধান কার্যালয়ে আসেন। ছবি: সমকাল

সরেজমিনে জানা যায়, দুদকের ওই প্রস্তাব তৈরির কাজে সহায়তার জন্য আজ দুপুর দুইটার দিকে ইন্টারপোলের বাংলাদেশ ফোকাল পয়েন্ট ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুইজন সদস্য দুদকের প্রধান কার্যালয়ে আসেন। তারা দুদকের মানিলন্ডারিং শাখার সঙ্গে তিন ঘণ্টা কাজ করে বিকেল পাঁচটার দিকে চলে যান। দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় তাদের কাছে সাংবাদিকরা বেনজীরকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে কোনো কথা না বলে সোজা হেঁটে গাড়িতে উঠে চলে যান তারা। 

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরত আনার বিষয়ে দুদকের কার্যক্রম জানার জন্য আজ সকাল থেকেই দুদক প্রাঙ্গণে সাংবাদিকদের ভিড় ছিল। কীভাবে, কোন পদ্ধতিতে তাকে ফেরত আনা হবে- এটি জানার জন্য প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন, ডিজিটাল প্ল্যাটফর্মের সাংবাদিকরা উৎসুক সময় কাটিয়েছেন।

দুদক সূত্র জানায়, ৮৩ কোটি ৫৭ টাকার জ্ঞাত আয়বাহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক এ পর্যন্ত ছয়টি মামলা দায়ের করেছে। এর মধ্যে তিনটি মামলায় বেনজীরকে প্রধান আসামি করা হয়। বাকি তিনটি মামলায় তাকে সহযোগী আসামি করা হয়েছে। গত ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার চার্জশিট আদালতে দেওয়া হয়েছে। আদালতে এই মামলাটির বিচার চলছে। এই মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করেছে। 

আরও পড়ুন

×