কবি আল মুজাহিদী আর নেই
আল মুজাহিদী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৮:৪৫
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
কবির ছেলে শাবিব আল মুজাহিদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বুধবার। এর মধ্যে দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আজকে বেলা ১টার দিকে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর তাকে শক থেরাপি দেওয়া হয়, কিন্তু ফাইনালি আর বাঁচানো যায়নি। দেড়টার দিকে বাবা মারা যান।’
আল মুজাহিদী ছিলেন একধারে কবি, গবেষক ও সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
কবির জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে সাহিত্য সম্পাদক হিসেবে যোগ দেন যায়যায় দিন পত্রিকায়। সবশেষ তার সম্পাদনায় প্রকাশিত হতো ষান্মাষিক সাহিত্যপত্র ‘নতুন এক মাত্রা’। তার ২০টির বেশি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও লিখেছেন তিনি।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০০৩ সালে কবিকে একুশে পদকে ভূষিত করে সরকার। এছাড়া ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার’, ‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘শেরে বাংলা সংসদ পুরস্কার’ ও ‘জয়বাংলা সাহিত্য পুরস্কার’ পেয়েছেন তিনি।
